Sunday, 12 April 2026 | বুধবার, ২০২৪ জুলাই ১০, ০৬:২০ অপরাহ্ন

চন্দনাইশে পরীক্ষার্থীকে জিম্মি করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশ উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে ৪ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল  ৯ জুলাই দুপুরে ভুক্তভোগী  আসিফ করিম চৌধুরী (১৯) এর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার হারলা এলাকার মো. আলী আকবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান  (২০), চন্দনাইশ পূর্ব জোয়ারা এলাকার বাহার ‍উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত বাপী (১৮), হারলা নয়াপাড়া এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সাইম (১৭) এবং হারলা আব্বাস তালুকদার বাড়ির আবু তাহেরের ছেলে সাকিবুল ইসলাম ওরফে সাকিব (১৬) গ্রেফতার করা হয়।
 চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ৪ জনকে গ্রেফতারে পর আদালতে চালান দেয়া হয়েছে। অভিযোগ  সূত্রে জানা যায়, চন্দনাইশের বরমা ইউনিয়নের শেবন্দী এলাকার শফিউল করিম চৌধুরীর ছেলে আসিফ করিম চৌধুরী বরমা ডিগ্রি কলেজ হতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। গতকাল  তার পরীক্ষা কেন্দ্র আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ থেকর পরীক্ষা শেষে বাড়ি পেরার সময় চন্দনাইশ পৌরসভাস্থ জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার সামনে রাস্তায় পৌঁছলে কয়েকজন তার গতিরোধ করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার পাশে চিপা গলির নির্জন রাস্তায় নিয়ে যায়। এ সময় আসামিরা ছুরি প্রদর্শন করে তার ব্যবহৃত ১৪ হাজার টাকা দামের একটি এনড্রয়েট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসিফ চন্দনাইশ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুকুরের ঘাটলার সিঁড়ি হতে ৪ জনকে গ্রেফতার করে।

কপিরাইট © 2026 cumilla24