Sunday, 12 April 2026 | শনিবার, ২০২৬ জানুয়ারী ০৩, ০৯:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া

চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া

টেলিগ্রাফ প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের (চসিক) ময়লাবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মো. মুবিনুল ইসলাম নয়ন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর কদমতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুবিনুল ইসলাম নয়ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালামিয়া সওদাগর বাড়িতে। তার বাবার নাম নুরুল আমিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুবিনুল ইসলাম নয়ন কোতোয়ালি থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে কদমতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা চসিকের একটি দ্রুতগামী ময়লার ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় শোকের মাতম
তরুণ এই পুলিশ সদস্যের অকাল মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি চকরিয়ায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
"একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়ে আমরা শোকাহত। ঘাতক গাড়িটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে।" 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কপিরাইট © 2026 cumilla24